
বিএনপি চেয়ারপারসন ও দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার পর দেশের সব মসজিদে দোয়া করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া দেশের মন্দির, গির্জা, প্যাগোডা ও সব ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্মের নিয়ম অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সকল নাগরিককে যার যার অবস্থান থেকে বেগম জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করতে অনুরোধ করা হয়েছে।
এর আগে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, ডা. শাহাবুদ্দিন তালুকদারসহ পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করেন।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় দুই মামলায় কারাদণ্ড পাওয়ার পর তিনি দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন। পরে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয় তাকে।
গত বছরের গণ–অভ্যুত্থানে আগের সরকার পতনের পর তিনি সম্পূর্ণ মুক্ত হন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন থাকার পর ৬ মে দেশে ফেরেন। এরপর নিয়মিত চেকআপের জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছিল তাকে। সর্বশেষ ২৩ নভেম্বর থেকে তিনি সেখানে ভর্তি আছেন এবং সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা।
Reporter Name 














