
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান সুখনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে গত ২ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলার আসামি হওয়ার পরও তাঁর প্রার্থিতা বৈধ হওয়ায় স্থানীয় পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ছাত্রনেতারা নির্বাচন কমিশনে আপিল করেন।
তদন্তাধীন সাতটি মামলার তথ্য হলফনামায় উল্লেখ থাকলেও পুলিশি নথিতে সুখনকে ‘পলাতক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর ইসলাম জানান, দায়ের হওয়া মামলায় তিনি এখনো জামিন নেননি।
রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী, একরামুজ্জামান সুখন একসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। গত ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হন এবং পরে আওয়ামী লীগে যোগ দেন। তবে আইনি জটিলতা ও গুরুতর মামলার কারণে শেষ পর্যন্ত সংসদ নির্বাচনে লড়ার সুযোগ হারালেন তিনি।
Reporter Name 













