
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে আপিল শুনানি শেষে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানান, নির্বাচনে লড়ার জন্য তিনি ‘ফুটবল’ প্রতীক বরাদ্দের আবেদন করবেন। তিনি বলেন, “আমার মনোনয়ন বৈধ হয়েছে। এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীকের আবেদন করতে পারব। আমি ফুটবল প্রতীকই চাইব।”
এর আগে, সমর্থকদের স্বাক্ষর জটিলতার কারণে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। গত এক সপ্তাহ তাঁকে অনেক শুভাকাঙ্ক্ষী সমর্থন ও দোয়া জানিয়েছেন উল্লেখ করে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন তাঁর অংশ নিতে আর কোনো বাধা রইল না।
Reporter Name 













