
আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়রকর বটচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান।
কমনওয়েলথ জানিয়েছে, তারা নির্বাচনের আগে কয়েকটি পর্যবেক্ষণ দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এবং পুরো নির্বাচন প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতা করবে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচন আয়োজনের জন্য আন্তর্জাতিক সহায়তা গুরুত্বপূর্ণ।
কমনওয়েলথ মহাসচিব আশ্বস্ত করে বলেন, নির্বাচন থেকে শুরু করে নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতেও বাংলাদেশ তাদের পূর্ণ সমর্থন পাবে। তিনি জানান, কমনওয়েলথের ৫৬টি সদস্য দেশের অভিজ্ঞতা ও সমর্থন বাংলাদেশের জন্য বড় সহায়তা হতে পারে।
তিনি আরও জানান, বাংলাদেশ সফরে তিনি প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গেও আলোচনা করেছেন। পাশাপাশি দুই পক্ষ তারুণ্যের ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক ব্যবসা এবং ‘তিন-শূন্য’ তত্ত্ব– বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য কমানোর অগ্রগতি নিয়েও কথা বলেন।
বিএন আহাম্মেদ 











