
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরের বাঘারপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অংশ নিয়ে যশোর-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন, তিনি দেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তার সুস্থতার জন্য সবারই দোয়া করা উচিত বলে তিনি মনে করেন। আইয়ুব আরও বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক একলাচ হোসেন, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম সৌদি, পৌর বিএনপি নেতা নাজিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহমেদ, সদস্য সচিব বাবুল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মহিবুল্লাহ।
বহুদিন ধরেই বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা সমস্যায় ভুগছেন। আগের সরকার আমলে দুটি মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং তিনি দুই বছরেরও বেশি সময় কারাগারে ছিলেন। পরে ২০২০ সালের মার্চে সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়, যা পরে কয়েক দফা বাড়ানো হয়। তবে চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি।
গত বছরের গণ–অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান এবং চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানে ১১৭ দিন চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সবশেষ গত ২৩ নভেম্বর তিনি সেখানে ভর্তি হন।
সোমবার বিকেলে তার চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানিয়েছেন, মূল চিকিৎসক দল আগামীকাল দেশে পৌঁছাবে। বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।
Reporter Name 














