
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, প্রধান উপদেষ্টা শ্বেতপত্র তৈরি, টাস্কফোর্স গঠনসহ বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নিলেও সেগুলো সহযোগী ও প্রশাসনের পর্যায়ে তেমন অগ্রগতি পায়নি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সিলেটে সিপিডির আয়োজিত নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে এবং দেশকে টেকসইভাবে মধ্যম আয়ের স্তরে নিতে হলে সংস্কার অপরিহার্য। এজন্য আগামী নির্বাচনের ইশতেহারে এমন প্রতিশ্রুতি থাকা দরকার, যা নতুন সরকারও অনুসরণ করবে।
ড. দেবপ্রিয়ের মতে, সংস্কারবিরোধী জোট দুর্বল করতে হলে নির্বাচনী ইশতেহারে স্পষ্ট ও বাস্তবসম্মত উদ্যোগের উল্লেখ থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক নেতারা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং তাদের ইশতেহারে তা প্রতিফলিত করবেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার একা সব সংস্কার সম্পন্ন করতে পারবে না। তাই নতুন সরকারকেও সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কতটুকু কাজ হয়েছে এবং কতটুকু বাকি আছে— তা পরিষ্কারভাবে জনগণকে জানানো প্রয়োজন।
সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, শিক্ষাবিদ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সেখানে তরুণ ভোটারদের ভূমিকা, নাগরিক অংশগ্রহণ ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিএন আহাম্মেদ 














