
||বিএন আহাম্মেদ ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনগুলোতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী নাও দিতে পারে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে নিহত শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বিষয়টি জানান। নাহিদ বলেন, খালেদা জিয়া এবং যারা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে ওই আসনগুলোতে এনসিপি প্রার্থী নাও দিতে পারে।
তিনি আরও জানান, তাদের লক্ষ্য পুরো ৩০০ আসনেই প্রার্থী দেয়া। দল এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে কোনো দল যদি এনসিপির সংস্কার দাবি ও জুলাই সনদের সঙ্গে একমত হয়, তাহলে জোটের ব্যাপারে তারা ভাবতে পারে। ১৫ নভেম্বরের মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
এ সময় নাহিদ অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের চিকিৎসার দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারায় এখনো মৃত্যুর সংখ্যা বাড়ছে।
এর আগের দিন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিপক্ষে তাদের দল প্রার্থী দেবে না। দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনও বলেন, খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে তার তিনটি আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, শিগগিরই করা হবে।
তিনি বলেন, খালেদা জিয়া সবসময় গণতন্ত্রের পক্ষে ছিলেন এবং নানা নির্যাতন সহ্য করেও আপস করেননি। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে সোমবার (৩ নভেম্বর) বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। যেখানে ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে খালেদা জিয়াকে মনোনয়ন দেয়া হয়।
বিএন আহাম্মেদ 














