
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও তার স্ত্রী সিতারা আলমগীরের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব সাময়িকভাবে বন্ধ (অবরুদ্ধ) করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুদকের আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, এসব হিসাবে বর্তমানে আছে ৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ৫০১ টাকা এবং ১৮৮ মার্কিন ডলার। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ এই হিসাবগুলো অবরুদ্ধ করতে আবেদন করেন।
আবেদনে জানানো হয়, আইএফআইসি ব্যাংক, কৃষি ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এক্সিম ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের শাখায় মহীউদ্দীন ও তার স্ত্রীর নামে খোলা এসব অ্যাকাউন্টে ২০০৯ সালের জুলাই থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট জমা হয়েছে ৫১ কোটি ২৮ লাখ টাকার বেশি এবং ৬ হাজারের বেশি মার্কিন ডলার। একই সময়ে এসব হিসাব থেকে উত্তোলন করা হয়েছে ৪৪ কোটি ৯৫ লাখ টাকা এবং ৬ হাজার ডলার।
লেনদেন পর্যালোচনায় দুদক মনে করছে, এসব অর্থের উৎস ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’। অভিযোগ রয়েছে, তারা টাকার একটি অংশ অন্যত্র সরিয়ে নিতে চাইছিলেন এবং এসব হিসাব ব্যবহার করে অর্থ পাচারের সম্ভাবনাও রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন বলে দুদক জানিয়েছে।
এদিকে পৃথক আবেদনে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ১৮০ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশও দিয়েছে আদালত।
বিএন আহাম্মেদ 














