
দুর্নীতির অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের মোট এক হাজার ৩৬০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের ভিত্তিতে দেশে–বিদেশে থাকা তার সম্পদ তিন ধাপে জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সর্বশেষ ধাপে আরও ১৮২ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়।
দুদক জানায়, এসব সম্পদের মধ্যে যুক্তরাজ্যে অবস্থিত সম্পত্তি, ঢাকার বিভিন্ন এলাকায় প্লট ও ফ্ল্যাট, এবং একাধিক কোম্পানির শেয়ার রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে সুবিধা পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, একই দিনে বীমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোশররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে ১৪ কোটির বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এছাড়া এনবিআর সদস্য এ কে এম বদিউল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সাড়ে ৬ কোটি টাকার সম্পদও জব্দের আদেশ দেয় আদালত।
বিএন আহাম্মেদ 















