
গাজীপুরের ভোড়া এলাকায় মাদক আসামি ধরতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) মধ্যরাতে এই ঘটনা ঘটে। আহতরা হলেন এএসআই আব্দুর রশিদ এবং কনস্টেবল সাইদুল ইসলাম। তারা দুজনেই গাজীপুর সদর থানায় কর্মরত।
হামলার পর পুলিশ গিয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মধ্যরাতে একটি মাদক কেনাবেচার স্থানে অভিযান চালাতে গেলে ২০–৩০ জন মাদক ব্যবসায়ী হঠাৎ পুলিশকে ঘিরে ধরে আক্রমণ করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এক পুলিশ কর্মকর্তা জানান, ভোড়া এলাকায় একটি মাদক মামলার আসামির আলামত জব্দ করা এবং মাদক ব্যবসায়ী মুমতাজ ও শাহ জামাল ওরফে মালা পাগলাকে ধরতে গেলে হঠাৎ তাদের আত্মীয়–স্বজনসহ স্থানীয় কয়েকজন মিলেও পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এএসআই আব্দুর রশিদের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। কনস্টেবল সাইদুল হামলা থেকে দৌড়ে সরে গেলেও পরে আবার স্থানীয়রা তাকে ভুলবশত চোর ভেবে মারধর করে।
বর্তমানে দুজনই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
বিএন আহাম্মেদ 















