
কনকনে শীতের মাঝেও রাজধানী ঢাকার বাতাসে কমছে না বিষ। কয়েক দিন বায়ুমানের কিছুটা উন্নতি হলেও নতুন বছরের শুরুতে ফের বাড়তে শুরু করেছে দূষণ। শুক্রবার (২ জানুয়ারি) সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে মেগাসিটি ঢাকা।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের (IQAir) তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকার বায়ুমান সূচক বা একিউআই (AQI) স্কোর রেকর্ড করা হয়েছে ১৭৩। বাতাসের এই মান জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২১৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা গ্রিসের এথেন্সের স্কোর ১৯৬। ১৭৫ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি রয়েছে তৃতীয় স্থানে এবং ১৭৩ স্কোর নিয়ে লাহোরের অবস্থান পঞ্চম।
বায়ুমান সূচকের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাস ‘ভালো’। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ ছাড়িয়ে গেলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসে ধূলিকণা ও দূষকের পরিমাণ বেড়ে যাওয়ায় ঢাকার বায়ুমান দ্রুত অবনতি হচ্ছে। এ অবস্থায় শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের মাস্ক ব্যবহারসহ প্রয়োজনীয় সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
Reporter Name 















