
সুন্দরবনে প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কাঁকড়া শিকারের অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে প্রায় ৪৯০ কেজি জ্যান্ত কাঁকড়া জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৩৯ হাজার টাকা।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এই তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে সুন্দরবনের নলিয়ান রেঞ্জের কালাবগি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— তরুণ সরকার (২৬), মনজুর ঢালী (৪০), জাহাঙ্গীর গাজী (৩৮), মাসুম বিল্লাহ (২৪) ও আজাদ সানা (৫৬)। তাদের সবার বাড়ি স্থানীয় কালাবগি গ্রামে।
কোস্ট গার্ড জানায়, কাঁকড়ার প্রজনন নির্বিঘ্ন করতে ১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাস সুন্দরবনে কাঁকড়া ধরা, বিক্রি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে কিছু অসাধু ব্যক্তি গোপনে বনে ঢুকে ডিমওয়ালা কাঁকড়া শিকার করছিল। জব্দকৃত কাঁকড়া ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের বনজ ও সামুদ্রিক সম্পদ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।
Reporter Name 















