
জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দেওয়া সুপারিশ থেকে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ বাদ দেওয়াকে প্রতারণা বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৯ অক্টোবর) এক বক্তব্যে তিনি বলেন, ঐকমত্য কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল যে বিএনপির ভিন্নমত লিপিবদ্ধ করা হবে। কিন্তু তারা সেই অংশ বাদ দিয়েছে, যা জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণার শামিল। তিনি বলেন, “এই ভুলগুলো দ্রুত সংশোধন করতে হবে।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, “আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ—সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন দেবেন। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদই এসব সংস্কার বাস্তবায়ন করবে। যদি এ প্রতিশ্রুতি থেকে সরে আসা হয়, তার দায় নিতে হবে বর্তমান সরকারকেই।”
তিনি আরও বলেন, “গ্রহণযোগ্য নির্বাচন হলেই জনগণের সংসদ গঠিত হবে এবং সেই সংসদ সংস্কার বাস্তবায়ন করবে।”
নির্বাচন বিলম্বিত হলে অগণতান্ত্রিক শক্তি আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করে ফখরুল বলেন, “যারা বিশৃঙ্খলা চায়, তারাই নির্বাচন পেছানোর পক্ষে কথা বলছে।”
বিএন আহাম্মেদ 














