
মহান বিজয় দিবস উপলক্ষে মোংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের তিনটি যুদ্ধজাহাজ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোংলার দিগরাজ এলাকায় এসব জাহাজ ঘুরে দেখার সুযোগ পান দর্শনার্থীরা।
উন্মুক্ত জাহাজগুলো হলো— নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা আবু বকর’ এবং কোস্টগার্ড পশ্চিম জোনের ‘বিসিজিএস কামরুজ্জামান’ ও ‘বিসিজিএস তৌহিদ’। দূর-দূরান্ত থেকে আসা মানুষ এসব জাহাজে উঠে যুদ্ধকালীন সরঞ্জাম, কামান, অস্ত্রসহ বিভিন্ন প্রযুক্তি কাছ থেকে দেখেন।
পরিদর্শনকালে নৌবাহিনী ও কোস্টগার্ডের দায়িত্বরত সদস্যরা দর্শনার্থীদের সহযোগিতা করেন এবং জাহাজগুলোর সক্ষমতা ও অপারেশনাল কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। এতে বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীরা সামুদ্রিক নিরাপত্তায় বাহিনীগুলোর ভূমিকা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।
নৌবাহিনী ও কোস্টগার্ড কর্তৃপক্ষ জানায়, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা অর্জনের স্মরণে বিজয়ের আনন্দ জনগণের সঙ্গে ভাগ করে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া বিজয় দিবস উপলক্ষে মোংলা ও খুলনা নৌ-অঞ্চলের বিভিন্ন জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি নৌবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
Reporter Name 















