
দীর্ঘ ১৫ বছর পর ভারতের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ‘বিজয় হাজারে ট্রফি’তে ফিরেই ব্যাট হাতে তাণ্ডব চালালেন বিরাট কোহলি। বেঙ্গালুরুতে অন্ধ্র প্রদেশের বিপক্ষে দিল্লির হয়ে খেলতে নেমে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের বিশ্বরেকর্ড গড়েছেন এই ব্যাটিং কিংবদন্তি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে শচীন টেন্ডুলকারের লেগেছিল ৩৯১ ইনিংস। আজ কোহলি সেই রেকর্ড নিজের করে নিলেন মাত্র ৩৩০ ইনিংসে। ওয়ানডাউনে নেমে মাত্র ১ রান করার পরপরই তিনি প্রবেশ করেন ১৬ হাজারি ক্লাবে। এর আগে দ্রুততম ১০ থেকে ১৫ হাজার রানের প্রতিটি রেকর্ডও কোহলি নিজের দখলে রেখেছিলেন।
অন্ধ্র প্রদেশের দেওয়া ২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একশর বেশি স্ট্রাইকরেটে সেঞ্চুরি তুলে নেন কোহলি। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ এক যুগ পর ফিরলেও তার ব্যাটে যে বিন্দুমাত্র মরচে ধরেনি, এই ইনিংসটিই তার প্রমাণ। প্রতিবেদন লেখা পর্যন্ত দিল্লি সহজ জয়ের পথে রয়েছে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় নবম স্থানে রয়েছেন কোহলি। তার সামনে এখন রিকি পন্টিং ও সনাৎ জয়াসুরিয়ার মতো কিংবদন্তিদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
* মোট লিস্ট ‘এ’ রান: ১৬,০০০+ (৫৭+ গড়ে)।
* কেবল ওয়ানডে রান: ১৪,৫৫৭।
* শীর্ষে যারা: এই তালিকায় সবার উপরে রয়েছেন গ্রাহাম গুচ (২২,২১১ রান) ও গ্রায়েম হিক।
Reporter Name 















