
লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি তাদের মাঝমাঠ শক্তিশালী করতে আরও একজন আর্জেন্টাইন ফুটবলারকে দলে ভেড়াচ্ছে। স্প্যানিশ তারকা সার্জিও বুসকেটসের অবসরের পর সেই শূন্যস্থান পূরণে পোর্টল্যান্ড টিম্বার্স থেকে তরুণ মিডফিল্ডার ডেভিড আয়ালাকে নিশ্চিত করেছে ফ্লোরিডার ক্লাবটি।
২৩ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডারের জন্য ইন্টার মায়ামি খরচ করছে প্রায় ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি ৪৪ লাখ টাকা)। চুক্তির শর্ত অনুযায়ী, আয়ালার পারফরম্যান্স ভালো হলে পোর্টল্যান্ড টিম্বার্স আরও বাড়তি অর্থ পাবে। এছাড়া ভবিষ্যতে তাকে অন্য কোথাও বিক্রি করা হলে সেই ট্রান্সফার ফি’র একটি অংশও পাবে তার সাবেক এই ক্লাবটি।
আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন আয়ালা চমৎকার পাসিং এবং ট্যাকটিক্যাল গেমের জন্য পরিচিত। ২০২২ সালে এমএলএসে অভিষেক হলেও চোটের কারণে গত বছরটি তার জন্য বেশ কঠিন ছিল। তবে সব বাধা কাটিয়ে দুর্দান্ত ফর্মে ফেরায় তার ওপর আস্থা রাখছে মায়ামি কর্তৃপক্ষ।
আগামী মৌসুমে মায়ামির মাঝমাঠে স্বদেশি রদ্রিগো ডি পলের সঙ্গে জুটি বাঁধবেন আয়ালা। লিওনেল মেসির পাশে খেলার সুযোগ পাওয়া এই তরুণের ক্যারিয়ারের জন্য একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
Reporter Name 















