
ভারতীয় ক্রিকেট দলের জন্য ২০২৫ সালটি মিশ্র অভিজ্ঞতার ছিল। গৌতম গম্ভীরের অধীনে দল চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি এশিয়া কাপ জিতলেও টেস্ট ক্রিকেটে ভারতের পারফরম্যান্স ছিল হতাশাজনক। বোর্ডার-গাভাস্কার ট্রফি হার এবং ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর টেস্ট কোচ হিসেবে গম্ভীরের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর বিসিসিআই-এর পক্ষ থেকে ভিভিএস লক্ষ্মণের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়েছিল। তাকে লাল বলের দলের কোচের দায়িত্ব নিতে আগ্রহ আছে কি না, তা জানতে চাওয়া হয়। তবে লক্ষ্মণ বর্তমানে বেঙ্গালুরুর ‘সেন্টার অব এক্সেলেন্স’-এর প্রধান হিসেবেই কাজ চালিয়ে যেতে আগ্রহী বলে জানা গেছে।
অন্যদিকে, বিসিসিআই-এর এক শীর্ষ কর্মকর্তা এই খবর অস্বীকার করেছেন। তার দাবি, গম্ভীরের ওপর বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে এবং লক্ষ্মণের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এনডিটিভির সূত্র অনুযায়ী, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত গম্ভীরের পদ নড়চড় হওয়ার সম্ভাবনা কম।
তবে পিটিআই বলছে, ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে গম্ভীরের ভবিষ্যৎ পুনর্বিবেচনা করা হতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী চক্রের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে গম্ভীরই সঠিক ব্যক্তি কি না, তা নিয়ে বোর্ডের অন্দরমহলে অস্পষ্টতা রয়ে গেছে।
Reporter Name 















