
ইনভেস্টর পাওয়া গেলে দেশের বন্ধ হয়ে থাকা চিনিকলগুলো আবার চালু করা সম্ভব এবং এগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
শুক্রবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডে ২০২৫–২৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে চিনিকলের ডোঙায় আখ নিক্ষেপ করে মৌসুমের আনুষ্ঠানিক সূচনা করেন শিল্প উপদেষ্টা।
তিনি বলেন, “পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকার চিনিকলগুলো বন্ধ করে দিয়েছিল। আমরা সেগুলো আবার চালু করার চেষ্টা করছি। শুধু সরকারি ভর্তুকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয়। তাই আমরা বিনিয়োগকারী আনার চেষ্টা করছি, এ বিষয়ে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এবং পুলিশ সুপার মনিরুল ইসলাম।
এ সময় জানানো হয়, চলতি মৌসুমে ৬৯ দিনে ৭৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ।
উদ্বোধনের আগে মিল প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসএফআইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদুল হাসান, আর স্বাগত বক্তব্য দেন কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।
শিল্প উপদেষ্টা আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের ‘ফ্যাসিবাদী সরকারে’র শাসনে দেশের শিল্পখাত দুর্বল হয়ে পড়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক করতে এবং নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। দেশি-বিদেশি উদ্যোক্তাদের মাধ্যমে শিল্পখাত শক্তিশালী করার কাজ চলছে। আখের ফলন বাড়াতে মানসম্পন্ন বীজ উৎপাদন ও সম্প্রসারণের জন্য পরীক্ষামূলক খামার এবং কৃষক পর্যায়ে বীজ সেড স্থাপন করা হয়েছে।
Reporter Name 














