
কুষ্টিয়ার ভেড়ামারায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোল দাগ ক্যানেলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মিরপুর উপজেলার বিজনগর গ্রামের সিয়াম শেখ (১৬) ও একই এলাকার আব্দুর রশিদ (১৬)। পুলিশ জানিয়েছে, তারা দুজন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সিয়াম ও রশিদ মোটরসাইকেলে করে ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু এলাকায় ঘুরতে গিয়েছিল। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ক্যানেলপাড়া এলাকায় কুষ্টিয়াগামী একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সরাসরি সংঘর্ষ হয়।
সংঘর্ষে পিকআপের চাকায় পিষ্ট হয়ে চালক সিয়াম ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরোহী রশিদকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Reporter Name 















