
মানিকগঞ্জের গুরুত্বপূর্ণ দুই নৌ-রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার তীব্রতায় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে ছোট-বড় ৫টি ফেরি।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যার পর থেকেই নদী এলাকায় কুয়াশা বাড়তে থাকে। রাত সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-পথের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন অবস্থায় দুর্ঘটনা এড়াতে উভয় রুটে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
ফেরি চলাচল বন্ধ হওয়ায় আরিচা-কাজিরহাট নৌরুটের ‘ধানসিঁড়ি’ ও ‘হামিদুর রহমান’ এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ‘শাহ মখদুম’, ‘এনায়েতপুরী’ ও ‘ভাষা শহীদ বরকত’ ফেরি মাঝ নদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়েছে। মাঝ নদীতে আটকা পড়া ফেরিগুলোর যাত্রী ও চালকরা তীব্র শীতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
বিআইডব্লিউটিসি’র উপ-মহাপরিচালক মোহাম্মদ সালাম মিয়া ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে কয়েকশ যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে।
Reporter Name 















