
চাপাইনবাবগঞ্জে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত দুই বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম ও বাবর আলী বিশ্বাসকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয় দলটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ারুল ইসলাম ও বাবর আলী বিশ্বাস নিজেরাই বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়।
জানা গেছে, ২০২৪ সালের ২৬ এপ্রিল দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার কারণে তাদের বহিষ্কার করা হয়েছিল। আনোয়ারুল ইসলাম ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বাবর আলী বিশ্বাস জেলা বিএনপির সাবেক সদস্য ছিলেন। ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, যেখানে আনোয়ারুল ইসলাম জয়ী হয়েছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হলেও পরবর্তীতে আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তাদের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।
বিএন আহাম্মেদ 















