
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপার জন্য কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) মোট ৯১৪ মেট্রিক টন কাগজ সরবরাহের অনুমতি পেয়েছে। এর মধ্যে ১৭৮ মেট্রিক টন কাগজ ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এ তথ্য সময় সংবাদকে জানান কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ।
তিনি জানান, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সবুজ, গোলাপী, এজুরলেইড ও বাদামী সালফেট—এই চার ধরনের কাগজ তৈরি করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব কাগজ সরবরাহ শেষ করতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।
কেপিএম সূত্র জানায়, নির্বাচনী কাগজের মোট বাজারমূল্য প্রায় ১১ কোটি ১১ লাখ টাকা। ধাপে ধাপে বাকি কাগজ সরবরাহ করে আগামী ২৬ জানুয়ারির মধ্যে পুরো কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। কাগজ উৎপাদনের জন্য বিদেশ থেকে প্রয়োজনীয় পাল্পও আমদানি করা হয়েছে।
উৎপাদন ও আর্থিক অবস্থা
২০২৫-২৬ অর্থবছরে মিলটির কাগজ উৎপাদনের লক্ষ্য ৩ হাজার ৫০০ মেট্রিক টন, যার সম্ভাব্য বাজারমূল্য ৩৮ থেকে ৪৪ কোটি টাকার মতো। চলতি বছরের ৯ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৯৩ মেট্রিক টন কাগজ উৎপাদন হয়েছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৮৯৪ মেট্রিক টনের চাহিদা এসেছে, যার মূল্য প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা। ৮ নভেম্বর পর্যন্ত ৯২৩ মেট্রিক টন কাগজ বিক্রি হয়েছে।
কেপিএমের অতীত ও বর্তমান
১৯৫৩ সালে চন্দ্রঘোনায় প্রতিষ্ঠিত কর্ণফুলী পেপার মিল একসময় এশিয়ার অন্যতম বড় কাগজ উৎপাদনকারীদের মধ্যে ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে প্রযুক্তির পুরনো অবস্থা, কাঁচামালের সংকট ও প্রশাসনিক সমস্যার কারণে উৎপাদন কমে যায়। এখন পুরোনো যন্ত্রপাতি মেরামত ও সংস্কারের মাধ্যমে উৎপাদন আবার বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিএন আহাম্মেদ 














