
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে এই দুই আসনের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংশ্লিষ্ট দুই আসনের দলীয় সমন্বয়কদের উপস্থিতিতে তিনি এই স্বাক্ষর সম্পন্ন করেন।
এর আগে, রোববার সকালে তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করা হয়।
অন্যদিকে, গত ২১ ডিসেম্বর বগুড়া-৬ (সদর) আসনের জন্য জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
দীর্ঘদিন পর তারেক রহমান সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার প্রক্রিয়া শুরু করায় দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এর মাধ্যমে বগুড়া ও ঢাকার গুরুত্বপূর্ণ এই দুটি আসনে বিএনপির নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ হলো।
Reporter Name 














