
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানকে ‘বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি’ হিসেবে উল্লেখ করেছেন এর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৮ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রতিটি স্তরে দুর্নীতির বিস্তার জাতীয় সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। জনগণের অধিকার ক্ষুণ্ন, প্রশাসনের অকার্যকারিতা, রাষ্ট্রীয় সম্পদের অপচয় এবং সামাজিক বৈষম্যের মূল কারণ এই দুর্নীতি। তাই জিরো টলারেন্স নীতি এখন জাতির কাছে সবচেয়ে বড় প্রত্যাশা।
জামায়াত আমির দাবি করেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই তাদের দল স্বচ্ছতা, নৈতিকতা ও পরিচ্ছন্ন রাজনীতির পক্ষে অবস্থান নিয়ে এসেছে। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ভবিষ্যতেও সোচ্চার থাকবে দলটি।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর দেশে নতুন প্রত্যাশার সূচনা হয়েছে। মানুষ এমন একটি বাংলাদেশ দেখতে চায়, যেখানে যোগ্যতা ও সততা মূল্য পাবে, স্বজনপ্রীতি নয়। ন্যায়, সত্য ও দক্ষতার ভিত্তিতে একটি আধুনিক রাষ্ট্র গড়ার সময় এসেছে।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, নতুন প্রত্যাশার এ সময়ে প্রশাসনকে হতে হবে স্বচ্ছ, দায়িত্বশীল ও জনবান্ধব। যোগ্যতা ও সততার ভিত্তিতে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে হবে, যা নতুন বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে নেতৃত্ব দেবে।
তিনি জনগণ, রাজনৈতিক দল, তরুণ সমাজ ও প্রশাসনের সব পর্যায়কে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন—জুলাই বিপ্লবের চেতনায় আমরা সবাই মিলে দুর্নীতিমুক্ত, জনবান্ধব নতুন বাংলাদেশ গড়ে তুলি।
Reporter Name 














