
ময়মনসিংহে অপরাধ প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত এক বছরে জেলায় ১১১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি পাঁচ শতাধিক নারী ও শিশু নির্যাতন এবং দুই শতাধিক ধর্ষণ মামলাসহ নানা অপরাধের ঘটনায় জনমনে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
তথ্যমতে, গত এক বছরে ময়মনসিংহে ২৪০টি ধর্ষণ, ৫১৬টি নারী ও শিশু নির্যাতন, ১৮টি অপহরণ এবং ২৬১টি চুরির ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে ভালুকায় শ্রমিক দীপু চন্দ্র দাসকে মবের মাধ্যমে হত্যা করে পুড়িয়ে দেওয়া, ফুলবাড়িয়ায় বাসে আগুন দিয়ে চালক হত্যা এবং ত্রিশালে জুয়ার টাকার জন্য ছেলের হাতে বাবা-মা খুনের ঘটনা।
২০২৫ সালে এসব হত্যা মামলায় ২৭৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, চারপাশের অনিরাপদ পরিবেশের কারণে তারা সবসময় আতঙ্কে থাকেন। জননিরাপত্তা নিশ্চিতে আরও দৃশ্যমান উদ্যোগ ও কড়া নজরদারির দাবি জানিয়েছেন তারা।
অপরাধ বিশেষজ্ঞরা সহিংসতা বাড়ার পেছনে ‘বিচারহীনতার সংস্কৃতি’কে দায়ী করছেন। সুজন ময়মনসিংহ মহানগরের সহসভাপতি তৌহিদুজ্জামান ছোটন বলেন, অপরাধ করলে পার পাওয়া যায় না—এমন নজির স্থাপন করা জরুরি।
তবে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। যেকোনো অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে তদন্ত ও আসামি গ্রেফতারে পুলিশের সক্ষমতা রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কাজ করে যাচ্ছেন।
Reporter Name 















