
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে সেই শক্তি কেবল নির্বাচনী স্বার্থে নয়, বরং জাতি গঠন ও বাংলাদেশ পুনর্গঠনের কাজে ব্যবহার করা হবে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রামপুর মিছবাহুল মাদ্রাসায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য এ জাতি সব সময় ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। বাংলাদেশ কখনও কারও করদ রাজ্য হওয়ার জন্য সৃষ্টি হয়নি।
জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছিলেন এবং সিপাহি-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের গণতন্ত্র রক্ষা করেছিলেন। আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে একদলীয় শাসন কায়েম করলেও জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।
সংবিধান প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ৯২ ভাগ মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংবিধানে ‘বিসমিল্লাহ’ যুক্ত করা হয়েছিল। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের বিষয়টি সরিয়ে দেয়।
প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেন, দেশনেত্রী শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তিনি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তার জানাজায় মানুষের উপচে পড়া ভিড়ই প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। সাধারণ মানুষ সব সময় আস্থা ও নৈতিকতার ভিত্তিতেই রাজনীতি মূল্যায়ন করে।
রামপুর মিছবাহুল মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 














