
নারায়ণগঞ্জের ৫০ বছর পুরনো ক্রীড়া প্রতিষ্ঠান শুকতারা যুব সংসদ আবারও দেশের পেশাদার ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ স্তরে ফিরছে। ২০২৫-২৬ মৌসুমের বাংলাদেশ চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণের জন্য ক্লাবটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লাইসেন্স পেয়েছে। বাফুফের লাইসেন্সিং বিভাগ ৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন প্রদান করেছে।
শুকতারা যুব সংসদ জেলা পর্যায় থেকে উঠে এসে একমাত্র ক্লাব হিসেবে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়ে পেশাদার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। ক্লাব কর্মকর্তাদের মতে, এটি শুধুমাত্র ক্লাবের নয়, নারায়ণগঞ্জের হাজারো ফুটবলপ্রেমীর স্বপ্ন ও শ্রমের স্বীকৃতি।
১৯৭৪ সালের ১৫ এপ্রিল নারায়ণগঞ্জের জামতলা এলাকায় কয়েকজন তরুণ ফুটবলারের উদ্যোগে যাত্রা শুরু করে ক্লাবটি। প্রয়োজনীয় সরঞ্জাম ও সুযোগের অভাবে ক্লাবের সূচনা হলেও ফুটবলের প্রতি ভালোবাসা আর নিষ্ঠার মাধ্যমে তারা দেশের ক্রীড়াঙ্গনে পরিচিতি তৈরি করেছে।
বর্তমানে ক্লাবের অধীনে চারটি সক্রিয় দল রয়েছে—শুকতারা জুনিয়র ক্রীড়া চক্র, মাজেদ বাবুল স্মৃতি একাদশ, শাহীন স্পোর্টিং ক্লাব এবং মূল শুকতারা যুব সংসদ। এই দলগুলো নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত এবং জেলা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খেলোয়াড় প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশ করছে।
শুকতারা যুব সংসদ থেকে উঠে এসে জাতীয় দল ও দেশের বড় ক্লাবগুলোতে খেলার সুযোগ পেয়েছেন অনেক ফুটবলার। সাবেক তারকা খেলোয়াড় গোলাম গাউস এবং রেজাউল করিম লিটন এই ক্লাবের গর্ব। এছাড়া ৬৭ জন খেলোয়াড় দেশের জাতীয় লিগে অংশগ্রহণ করেছেন।
ক্লাবের কর্মকর্তারা বলছেন, ধারাবাহিক প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চরিত্র গঠনের প্রতি জোর দেওয়ায় শুকতারার খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে। তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণের মাধ্যমে ক্লাবটি পেশাদারিত্বের নতুন অধ্যায় রচনা করবে এবং নারায়ণগঞ্জের ফুটবল ঐতিহ্য আরও শক্তিশালী হবে।
শুকতারা যুব সংসদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান জুয়েল জানান, ‘বিসিএলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আমরা শক্তিশালী দল গঠন করেছি। আমাদের খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণে প্রস্তুত। আশা করি, আমরা অতীতের মতো এবারও সফলতা অর্জন করব।’
Reporter Name 















