
এশিয়ান কাপের আগে নিজেদের প্রস্তুতি কতটা এগিয়েছে তা যাচাই করতে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার (২৪ অক্টোবর) ব্যাংককে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
এর আগে থাইল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারের অভিজ্ঞতা আছে বাংলাদেশের। এক যুগ আগে এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ৯-০ গোলের ব্যবধানে হেরেছিল লাল-সবুজরা। তবে এবার আত্মবিশ্বাসে ভরপুর আফঈদা খন্দকাররা।
এই সফরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আসন্ন এশিয়ান কাপের প্রস্তুতি কেমন, তা দেখার সুযোগ পাবেন প্রধান কোচ পিটার বাটলার। চট্টগ্রামে টানা অনুশীলন শেষে দল এখন প্রস্তুত প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের জন্য।
র্যাঙ্কিংয়ে পার্থক্য স্পষ্ট—বাংলাদেশ যেখানে ১০৪ নম্বরে, থাইল্যান্ড আছে ৫৩তম স্থানে। থাইরা একবার নারী বিশ্বকাপ খেলেছে এবং ১৭ বার এশিয়ান কাপে অংশ নিয়েছে, যার মধ্যে একবার শিরোপা জিতেছে। অন্যদিকে, বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলতে যাচ্ছে, যদিও তারা ইতোমধ্যে দু’বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে।
দলের গোলরক্ষক কোচ বলেন, “আমরা দুর্বল দিকগুলো কাটিয়ে উঠতে এবং প্রতিপক্ষের শক্তির জায়গাগুলো বোঝার চেষ্টা করছি। মেয়েরা কোচের নির্দেশনা অনুযায়ী পরিশ্রম করছে। আমরা টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিক থেকে সেরাটা দিতে কাজ করছি।”
বাংলাদেশের এশিয়ান কাপ গ্রুপে রয়েছে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। থাইল্যান্ডের বিপক্ষে এই ম্যাচগুলো তাই টুর্নামেন্টের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে দলীয় ব্যবস্থাপনা।
বিএন আহাম্মেদ 















