
বাংলাদেশের এন্ডুরেন্স স্পোর্টসে নতুন ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ৩৬ ঘণ্টাব্যাপী স্টেডিয়ামভিত্তিক আল্ট্রা দৌড় প্রতিযোগিতা ‘ঢাকা স্টেডিয়াম রান ২০২৫’। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এই আয়োজন শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় শেষ হয়। ‘শ্বাস যোগ্য ঢাকার জন্য দৌড়’—এই স্লোগান নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় দেশি-বিদেশি সাড়ে ৩শর বেশি দৌড়বিদ অংশ নেন।
৩৬ ঘণ্টা, ২৪ ঘণ্টা, ১২ ঘণ্টা ও ৬ ঘণ্টা—এই চারটি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। পুরুষদের ৩৬ ঘণ্টা বিভাগে ২৩৩ কিলোমিটার দৌড়ে নতুন রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হন এবাদ উল্লাহ। একই ক্যাটাগরিতে নারীদের মধ্যে সেরা হন সিফাত ফাহমিদা ইতি। অন্যান্য বিভাগে বিজয়ীরা হলেন—সৈয়দ মো. আলিফ (২৪ ঘণ্টা), মো. আল আমিন (১২ ঘণ্টা), তাপস কুমার মজুমদার (৬ ঘণ্টা), নুরুন্নাহার বেগম নিম্নি (২৪ ঘণ্টা নারী), নোশিন শারমিলি শুচি (১২ ঘণ্টা নারী) এবং তামান্না আফরিন মিতুল (৬ ঘণ্টা নারী)।
স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল আল্ট্রা বাংলাদেশ এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের যৌথ উদ্যোগে এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম এই আয়োজনকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন।
Reporter Name 















