
আইপিএল ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নতুন রেকর্ড গড়লেন মোস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলের ১৯তম আসরের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এত বড় অঙ্কে এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে বিক্রি হননি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। দীর্ঘ অপেক্ষার পর রাতে তার নাম ওঠে নিলামে। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই দর হাঁকাতে শুরু করে দিল্লি ক্যাপিটালস। এরপর চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স লড়াইয়ে যোগ দিলে দ্রুত বাড়তে থাকে দাম। শেষ পর্যন্ত চেন্নাইকে পেছনে ফেলে মোস্তাফিজকে নিজেদের করে নেয় কলকাতা।
২০১৬ সাল থেকে আইপিএলের আট মৌসুমে খেললেও এই প্রথম কলকাতার জার্সিতে দেখা যাবে বাঁহাতি এই পেসারকে। একই সঙ্গে তিনি ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসানকে। এর আগে ২০২১ সালে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা, যা ছিল বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ।
এর আগে আইপিএল নিলামে মোস্তাফিজ কখনোই ২ কোটি ২০ লাখ রুপির বেশি দাম পাননি। এবারের নিলামে তার মূল্য প্রায় চার গুণ বেড়ে দাঁড়াল ৯ কোটি ২০ লাখ রুপিতে, যা তাকে বাংলাদেশের সবচেয়ে দামি আইপিএল ক্রিকেটারে পরিণত করেছে।
মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান ও লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন মোস্তাফিজ। আইপিএলে এটি হবে তার ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন।
সব মিলিয়ে আইপিএল ক্যারিয়ারে মোস্তাফিজ ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন। তার ইকোনমি রেট ৮.১৩ এবং গড় ২৮.৪৫। ২০১৬ সালে আইপিএলে অভিষেক মৌসুমেই সানরাইজার্স হায়দরাবাদকে প্রথম শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নজর কাড়েন ‘কাটার মাস্টার’। সেই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই এবার নিলামে মিলল রেকর্ড মূল্য।
Reporter Name 















