
উত্তেজনা আর রোমাঞ্চে ভরা ম্যাচে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসভিত্তিক ক্লাব আতলেটিকো চার্লোনকে ১-১ গোলে রুখে দিয়েছে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার। সোমবার জাতীয় স্টেডিয়ামে লাতিন-বাংলা সুপার কাপের ম্যাচটি শেষ হয় ড্র-তে।
অনূর্ধ্ব-২০ দলের এই প্রতিযোগিতায় প্রথম ম্যাচে ব্রাজিলের সাও বার্নার্দোর কাছে ৪-০ গোলে হারের পর রেড গ্রিন ফিউচার স্টার আজকের ম্যাচে দারুণ খেলা দেখায়। চতুর্থ মিনিটে মাসুদ অফসাইডের ফাঁদ ভেঙে দলকে এগিয়ে নেন।
২১তম মিনিটে মোহাম্মদ মানিক একক প্রচেষ্টায় প্রতিপক্ষের ডিফেন্ডারকে পেছনে ফেলে গোলের চেষ্টা করেন, তবে অফসাইড পতাকা ওঠায় গোল বাতিল হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনার সামিয়েন্তোর গোলে সমতা ফেরে।
৭৬তম মিনিটে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনায় চার্লোনের দেভিদ বেভজিনি ও মাতিয়াস রোসালেস এবং বাংলাদেশের ইশান হাবিব রেদোয়ানকে লাল কার্ড দেখানো হয়।
খেলার শেষ দিকে রেড গ্রিন একের পর এক আক্রমণ চালালেও গোল আদায় করতে ব্যর্থ হয়। ৮৭তম মিনিটে মাসুদের ফ্রি কিক পোস্টে লেগে বাইরে যায়। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ হয়।
এই ড্র-এর মাধ্যমে রেড গ্রিন ফিউচার স্টার আজকের ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেছে।
Reporter Name 















