
চীনের চংকিংয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে দুর্দান্ত ফর্ম দেখাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারানোর পর সোমবার (২৪ নভেম্বর) দ্বিতীয় ম্যাচেও চমক দেখায় লাল-সবুজের কিশোররা। ব্রুনাই দারুসসালামকে ৮-০ ব্যবধানে হারিয়েছে তারা।
আট গোল করলেও কেউ হ্যাটট্রিক করতে পারেনি। দুইটি করে গোল করেছেন রিফাত কাজী ও অপু। আর মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ একটি করে গোল করেছেন।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করে বাংলাদেশ। ১৩ মিনিটে ফয়সালের পাস ধরে প্রথম গোল করেন অপু। ২৩তম মিনিটে রিফাত দুই ডিফেন্ডার কাটিয়ে দ্বিতীয় গোল করেন। কিছু সময় পর রিদুয়ানের পাস থেকে ফয়সাল তৃতীয় গোল যোগ করেন। পরের মিনিটেই মানিকের দূরপাল্লার শটে স্কোর হয় ৪-০।
বিরতির পরও একই ছন্দে খেলে বাংলাদেশ। ৪৯তম মিনিটে রিদুয়ানের ক্রস থেকে অপুর দ্বিতীয় গোল। ৭৩তম মিনিটে ফয়সালের শট ফিরলেও রিফাত রিবাউন্ডে তার দ্বিতীয় গোল করেন। এরপর আলিফ বক্সের ভেতরের বিশৃঙ্খলার সুযোগ নিয়ে গোল করেন। ৭৯তম মিনিটে বায়েজিদের নিখুঁত শটে স্কোরলাইন থামে ৮-০ তে।
বাংলাদেশ ‘এ’ গ্রুপে রয়েছে চীন, ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইনের সঙ্গে। গ্রুপ চ্যাম্পিয়ন দল সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার সুযোগ পাবে।
বিএন আহাম্মেদ 















