
||বিএন আহাম্মেদ || প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের ১ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। রোববার (১০ নভেম্বর) ব্যাংককে অনুষ্ঠিত ড্রতে বাংলাদেশ পড়ে তুলনামূলক কঠিন ‘এ’ গ্রুপে।
ড্রতে দেখা যায়, ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম। বাংলাদেশ ছিল চার নম্বর পটে, আর ড্র শুরুর পর প্রথম দল হিসেবেই বাংলাদেশের নাম উঠে আসে। ফলে চার নম্বর দল হিসেবে ‘এ’ গ্রুপে জায়গা হয় বাংলাদেশের।
স্বাগতিক হওয়ায় থাইল্যান্ড আগেই ‘এ’ গ্রুপের প্রথম দল হিসেবে নির্ধারিত ছিল। দুই নম্বর পট থেকে এসেছে চীন, আর তিন নম্বর পট থেকে উঠেছে ভিয়েতনাম।
১২ দলের এই প্রতিযোগিতা তিনটি গ্রুপে ভাগ হয়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। এর বাইরে তিন গ্রুপের মধ্যে সেরা দুই তৃতীয় স্থান অর্জনকারী দলও কোয়ার্টারে খেলার সুযোগ পাবে। অর্থাৎ একটি ম্যাচ জিতলেও বাংলাদেশের সামনে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা আছে।
কোয়ার্টার ফাইনালে জিতলেই মিলবে ২০২৬ সালের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের টিকিট। এশিয়ান কাপের চার সেমিফাইনালিস্ট স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপ খেলবে।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের গ্রুপগুলো:
গ্রুপ ‘এ’: থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম, বাংলাদেশ
গ্রুপ ‘বি’: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জর্ডান
গ্রুপ ‘সি’: জাপান, অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে, ভারত
বিএন আহাম্মেদ 















