
টানা আট ম্যাচে জয় না পাওয়ায় গত সপ্তাহে ইগর তুদোরকে বরখাস্ত করে জুভেন্টাস। কোচ ছাঁটাইয়ের এক সপ্তাহের মধ্যেই নতুন দায়িত্ব পেলেন ইতালি জাতীয় দলের সাবেক কোচ লুসিয়ানো স্প্যালেত্তি। তুরিনের ক্লাবটি তাকে ২০২৬ সালের জুন পর্যন্ত কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
জুভেন্টাস এক বিবৃতিতে জানায়, স্প্যালেত্তির সঙ্গে তাদের দুই বছরের চুক্তি হয়েছে। ইতালিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তার পারফরম্যান্স সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ আরও বাড়াতে পারে ক্লাবটি।
৬৬ বছর বয়সী স্প্যালেত্তি ইতালির জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে নাপোলি, রোমা, ইন্টার মিলানসহ বেশ কয়েকটি ক্লাবের কোচ ছিলেন। তিনি ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ইতালির জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন।
ইতালির মিলানে এক অনুষ্ঠানে স্প্যালেত্তি বলেন, জুভেন্টাসের মতো বড় দলের কোচ হওয়া যেকোনো প্রশিক্ষকের জন্যই গর্বের। জাতীয় দলের দায়িত্ব শেষ করে আবার ক্লাব ফুটবলে ফিরতে পারা তার জন্য আনন্দের।
সিরি আ’-তে ধারাবাহিক ড্র ও হারের কারণে জুভেন্টাস বর্তমানে পয়েন্ট টেবিলের মাঝামাঝি অবস্থানে রয়েছে। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তারা সপ্তম স্থানে আছে। আগামী শনিবার ক্রিমোনিজের বিপক্ষে ম্যাচেই স্প্যালেত্তিকে জুভেন্টাসের ডাগআউটে দেখা যাবে।
বিএন আহাম্মেদ 















