
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো কি শেষ পর্যন্ত একই দলে খেলবেন? সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ একটি প্রতিবেদন প্রকাশ করে ফুটবল বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। এতে দাবি করা হয়েছে, রোনালদো তার দীর্ঘদিনের দ্বৈরথ ভুলে ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ হতে চান এবং ক্যারিয়ারের শেষ সময়টা আর্জেন্টাইন তারকার সঙ্গেই কাটাতে আগ্রহী।
প্রতিবেদনটিতে পাঁচটি অদ্ভুত কারণ দর্শানো হয়েছে— যার মধ্যে রয়েছে সৌদি আরবের প্রখর রোদে রোনালদোর ত্বকের সমস্যা, মায়ামির সৈকতে সিক্স প্যাক প্রদর্শনের ইচ্ছা এবং হলিউড সিনেমায় অভিনয়ের স্বপ্ন। এমনকি দাবি করা হয়েছে, রোনালদো নাকি আল নাসরের বিশাল বেতন ছেড়ে অনেক কম পারিশ্রমিকে মায়ামিতে আসতে রাজি।
তবে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করা এই খবরটি আসলে একটি ‘কৌতুক’। স্পেনে ২৮ ডিসেম্বর দিনটি অনেকটা ‘এপ্রিল ফুলস ডে’-র মতো পালন করা হয়, যাকে বলা হয় ‘দিয়া দে লস সান্তোস ইনোসেন্তেস’। এই দিনে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো পাঠকদের বোকা বানাতে মুখরোচক কিন্তু বানোয়াট খবর প্রকাশ করে থাকে।
খবরটি যে ভুয়া, তার সবচেয়ে বড় প্রমাণ হলো প্রতিবেদনটির লেখক হিসেবে ‘রিকার্ডো টাবস’-এর নাম ব্যবহার করা হয়েছে, যা আসলে ‘মায়ামি ভাইস’ টিভি সিরিজের একটি কাল্পনিক চরিত্র। বাস্তবে রোনালদো ও মেসির একসঙ্গে খেলার কোনো সম্ভাবনা আপাতত নেই। মেসি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে ছুটি কাটাচ্ছেন এবং রোনালদো সৌদি লিগে আল নাসরের হয়ে শিরোপা জয়ের লড়াইয়ে মনোযোগী রয়েছেন।
Reporter Name 















